পাঁচবিবির ৮ ইউনিয়নে চালু হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা: মাসুদ রানা প্রধান

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
পাঁচবিবির ৮ ইউনিয়নে চালু হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা: মাসুদ রানা প্রধান
পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান (

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আটটি ইউনিয়নেই দ্রুততম সময়ে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা অডিটোরিয়ামে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত সাবেক কৃতী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মাসুদ রানা প্রধান বলেন, “স্বাস্থ্যসেবা কেবল পৌর শহরকেন্দ্রিক সীমাবদ্ধ না রেখে উপজেলার দুর্গম ও প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের অগ্রাধিকার। প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল রোগীরা মাত্র ৫০ টাকা নামমাত্র ফি প্রদান করে এই বিশেষ অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে সংকটময় মুহূর্তে মুমূর্ষু রোগীদের দ্রুত জেলা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সহজ হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।”

তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যে পাঁচবিবির আটটি ইউনিয়নেই খুব দ্রুত নতুন খেলার মাঠ তৈরি করা হবে। পাশাপাশি দীর্ঘদিন অবহেলিত থাকা ঐতিহ্যবাহী পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামের আধুনিকায়ন ও উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এ সময় উপজেলা প্রশাসনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের মতো দায়িত্বশীল ও কর্মঠ নেতৃত্ব তৃণমূলের সার্বিক উন্নয়নকে গতিশীল করছে। সম্মিলিত প্রচেষ্টায় পাঁচবিবিকে একটি আদর্শ রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‘ফুটবলকে ভালোবাসুন, মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু, সাবেক ফুটবলার এম আই মিঠু, সাবেক ফুটবলার ও সাংবাদিক আব্দুল হালিম সাবু, সংগঠনের সদস্য সচিব মো. মেহেদী হাসান অর্নব এবং সাবেক ফুটবলার এম আই রকি। এছাড়া যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা আলীম আল রাজী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মঞ্জুরে মওলা পলাশ, সাবেক ফুটবলার জাহিদুর রহমান রানা, শ্রী বিশ্বনাথ গোয়ালা, কবিরুল ইসলাম হেলাল, ভরত প্রসাদ গোয়ালা, মোস্তাকিম ওয়াজেদ, জাহাঙ্গীর আলম, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সোনালী অতীত ফুটবল ক্লাবের সম্পাদক মো. হারুনুর রশীদ হারুন, সাবেক ফুটবলার ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, সাবেক ফুটবলার ও সাংবাদিক আকতার হোসেন বকুল, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাংবাদিক মোস্তাকিন হোসেন, উল্লাস হাজরা ও বাবুল হোসেনসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, খেলাধুলার সুস্থ চর্চা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে দৃঢ় রাখার পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে নেতৃত্ব দেয়। সোনালী অতীত ফুটবল ক্লাবের এমন উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন