চট্টগ্রামসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি
নিজস্ব প্রতিবেদক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার সকালে আবহাওয়াবিদদের বরাত দিয়ে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৃষ্ট লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে সাগর উত্তাল রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর সাগরে বিচরণ না করার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।