রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ
রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

সকালবেলা প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন, পোস্তগোলা সেতুতে দুটি গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে। এ ছাড়া বনশ্রীর মেরাদিয়া এলাকায় ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব নাশকতামূলক ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের কালো ধোঁয়া স্টেশনের ভেতরে প্রবেশ করলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ছোটাছুটি শুরু হয়। নিরাপত্তার স্বার্থে স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণে স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল; পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার কিছু পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে সেতু পারাপার হওয়া যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আগুন নিভে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তারা এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, আটককৃতদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বৃষ্টির মধ্যেই অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

একই দিন সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে হাতেনাতে আটক করার পাশাপাশি তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল।

এর আগে সোমবার সকাল ৭টার দিকে বনশ্রীর মেরাদিয়া কাঁচাবাজারের বাঁশপট্টি এলাকায় ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হন। এ ঘটনায় খিলগাঁও থানা পুলিশ দুজনকে আটক করেছে। এ ছাড়া রাজধানীর মালিবাগ মোড়ের পলওয়েল জি-গ্যাস স্টেশনের সামনে একটি এবং বিপরীত পাশে দুটিসহ মোট তিনটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। পল্টন ও রমনা থানা এলাকার এই ঘটনাগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, গণপরিবহন ও জনসমাগমস্থলে ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এআইএল/সকালবেলা