ঢাকায় হঠাৎ বজ্রবৃষ্টি, হ্রাস পেতে পারে তাপমাত্রা
সকালবেলা ডেস্ক: সারাদিনের ভ্যাপসা গরমের পর রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে হঠাৎ এই বৃষ্টি নামায় গরমের অস্বস্তি কমে নগরবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরেছে।
এর আগে দুপুরের পর থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বজ্রের বিকট শব্দ ও আলোকচ্ছটা দেখা যায়। রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। পাশাপাশি গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
এআইএল/সকালবেলা