দেবিদ্বারে সরকারি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
দেবিদ্বারে সরকারি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া): কুমিল্লার দেবিদ্বারে সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার অপরাধে মো. সোবাহান (৬০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. সোবাহান ওই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নবীয়াবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত মো. সোবাহানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন।

প্রশাসন আরও জানায়, সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা