জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ববি ছাত্রদলের আলোচনা সভা
সাঈদ পান্থ (বরিশাল): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মো. কবিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, "যুদ্ধের পর থেকেই আমাদের দেশ নিয়ে প্রতিবেশী দেশ ভারত নানা ষড়যন্ত্র শুরু করে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে গ্রুপিং সৃষ্টি করে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। খালেদ মোশাররফ যখন জিয়াউর রহমানকে বন্দি করেন, তখন সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তাঁকে মুক্ত করা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রেক্ষাপটে জাতীয় সংহতি দিবস একটি অনন্য মাইলফলক।"
প্রধান আলোচক ডা. মো. কবিরুজ্জামান তাঁর বক্তব্যে ঐতিহাসিক বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তৎকালীন নানা রাজনৈতিক পটপরিবর্তন ও বিশৃঙ্খলার পর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা সাদা দলের আহ্বায়ক ড. আবদুল আলিম বছির ও সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আশিক, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এআইএল/সকালবেলা