নবজাতকের পিতা দাবি হিন্দু-মুসলিম দুই যুবকের, বরিশালে তোলপাড়

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
নবজাতকের পিতা দাবি হিন্দু-মুসলিম দুই যুবকের, বরিশালে তোলপাড়

বিশেষ: বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে এক নবজাতকের পিতৃপরিচয় নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই নবজাতককে নিজেদের সন্তান দাবি করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের দুই যুবক হাসপাতালে হাজির হলে সেখানে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরবর্তীতে একপক্ষ হাসপাতাল ত্যাগ করলেও বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে।

সোমবার দুপুরে বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের বাসিন্দা শান্তা নামের এক নারী ওই হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেন। প্রসবের সময় তার পাশে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাস চন্দ্র নামের এক যুবক, যিনি নিজেকে ওই নবজাতকের বাবা ও শান্তার স্বামী হিসেবে দাবি করেছিলেন।

তবে এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে এসে হাজির হন এমদাদুল হক নামের আরেক যুবক। তিনি নিজেকে নবজাতকের প্রকৃত পিতা দাবি করে জানান, ২০২১ সালে শান্তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারা ঢাকার জিনজিরা এলাকায় একসঙ্গে বসবাস শুরু করতেন। এমদাদুল আরও দাবি করেন, সন্তান প্রসবের কথা বলে তিন মাস আগে শান্তা তাঁর বাপের বাড়ি আসেন। এ সময় তিনি তাদের বিয়ের কাবিননামা ও বৈধ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণপত্র উপস্থিত লোকজনের সামনে প্রদর্শন করেন।

প্রথম স্বামী হিসেবে এমদাদুল হকের জোরালো দাবির পরপরই সুভাস নামের দ্বিতীয় যুবকটি হাসপাতাল থেকে দ্রুত সরে যান। ফলে এ বিষয়ে সুভাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে প্রসূতি শান্তা দাবি করেছেন যে, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি এবং ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবাও তিনি নন। তবে এমদাদুল কর্তৃক প্রদর্শিত কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি কোনো স্পষ্ট সদুত্তর দিতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম স্বামীর সংসার করার পাশাপাশি শান্তা নিজের প্রথম বিয়ের কথা গোপন রেখে ২০২৪ সালে বাকেরগঞ্জের সুভাসের সঙ্গে আরেকটি সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। চাকরির সুবাদে ঢাকায় থাকার সুযোগ নিয়ে তিনি প্রথম স্বামীর সংসার করতেন, আবার বাপের বাড়ি যাওয়ার নাম করে দ্বিতীয় স্বামীর সঙ্গেও যোগাযোগ রাখতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া কিংবা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে কি না, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নবজাতকের প্রকৃত পিতৃপরিচয় নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এআইএল/সকালবেলা