বরগুনায় এক রাতে খালের কচুরিপানা উধাও, এলাকায় চাঞ্চল্য

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
বরগুনায় এক রাতে খালের কচুরিপানা উধাও, এলাকায় চাঞ্চল্য

মো. সোহেল রানা (বরগুনা): বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক রাতের ব্যবধানে প্রায় দুই কিলোমিটার খাল থেকে কচুরিপানা উধাও হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৮ অক্টোবর রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। ঘটনাটি অলৌকিক, নাকি এর পেছনে কোনো প্রাকৃতিক কারণ রয়েছে—তা নিয়ে চলছে নানা আলোচনা।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় এর আগেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। এসব ঘটনাকে কেউ কেউ অলৌকিক কর্মকাণ্ড বলে মনে করছেন। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি প্রতিদিনের মতো রাতে খালের পাশে অবস্থিত একটি এগ্রো ফার্মে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার রাতে হঠাৎ ফার্মের গরুগুলো অস্বাভাবিকভাবে ডাকাডাকি শুরু করে। বিষয়টি বুঝতে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং খালে থাকা কচুরিপানা ও সাঁকোগুলো দ্রুত বড় খালের দিকে সরে যেতে দেখেন।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, এ সময় খাল থেকে ভেসে আসা শব্দ ছিল অত্যন্ত ভীতিকর। ভয়ে হাতে দা নিয়ে সামনে এগিয়ে গিয়ে তিনি সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। তবে ঠিক কী কারণে এত বিপুল পরিমাণ কচুরিপানা সরে গেল, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এদিকে ঘটনার পর থেকেই খালপাড়ে মানুষের আনাগোনা বেড়েছে। দূরদূরান্ত থেকে কৌতূহলী দর্শনার্থীরা ঘটনাস্থলে এসে ভিড় জমাচ্ছেন। অস্বাভাবিক এই ঘটনা নিয়ে এলাকায় একদিকে যেমন কৌতূহল তৈরি হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্কও বিরাজ করছে।

তবে বিশেষজ্ঞদের মতে, খালের পানির প্রবল স্রোত, জোয়ার-ভাটা, বাতাস কিংবা পানির প্রবাহের পরিবর্তনের কারণেও কচুরিপানা এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে পারে। তাই বিষয়টিকে অলৌকিক হিসেবে বিবেচনা করার আগে প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

এআইএল/সকালবেলা