কারো দাসত্ব করে দেশ চালাবে না বিএনপি: গিয়াস কাদের চৌধুরী
উপজেলা প্রতিনিধি (রাউজান, চট্টগ্রাম): অন্য কোনো দেশের দাসত্ব কিংবা পরনির্ভরশীল হয়ে বিএনপি কখনোই রাষ্ট্র পরিচালনা করবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানের জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌরসভা শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তব্যকালে তিনি স্থানীয় শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে জানান, এ অঞ্চলের শ্রমিকেরা তাঁর পরিবারকে সব সময় সমর্থন জুগিয়েছেন এবং ভোটের মাধ্যমে বারবার নির্বাচিত করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় দল হিসেবে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও সংগঠনের উপদেষ্টা রাসেল খাঁন এবং শ্রমিক নেতা শহিদুল আলম তালুকদার। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আমিন তালুকদার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম. এ. হালিম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল হক, আবু বক্কর চৌধুরী, রেজাউল রহিম আজম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, গোলাম মোস্তাফা, যুবদল নেতা শাহাজান সাহিল ও সাইফুল আজম ছোটনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এআইএল/সকালবেলা