সলঙ্গায় ১২ মামলার আসামি সামিদুল আটক

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
সলঙ্গায় ১২ মামলার আসামি সামিদুল আটক

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল-ঢাকা রোড সংলগ্ন পাঁচলিয়া এলাকায় দীর্ঘদিনের আতঙ্ক, মাদক ও চোরাই কারবারের মূল হোতা সামিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। মাদক, চুরিকৃত মালামাল কেনাবেচা এবং নিজস্ব টর্চারসেলে নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামিদুল ও তাঁর বাহিনী মহাসড়কের পণ্যবাহী ট্রাক থেকে চুরি ও ডাকাতি হওয়া রড, সিমেন্ট, গম, ভুট্টা ও তেলসহ বিভিন্ন পণ্য কম দামে কিনে বাজারে বিক্রি করত। বিনিময়ে সরবরাহ করা হতো মাদক। এলাকায় আধিপত্য বজায় রাখতে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব টর্চারসেল, যেখানে অবাধ্য কারবারি বা প্রতিবাদী স্থানীয়দের নির্যাতন করা হতো। এমনকি নারীদের দিয়ে দেহব্যবসা ও ছিনতাইয়ের সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি সামিদুলের মাদক সেবন, দেহব্যবসা ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের টনক নড়ে। ইতিপূর্বে পুলিশি অভিযানে তিনি ও তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও গতকাল রাতে র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে শেষ রক্ষা হয়নি।

র‍্যাব জানায়, গত বুধবার রাতে সামিদুলের ব্যবহৃত একটি অফিস থেকে ৫১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকাসহ তাঁর এক সহযোগীকে আটক করা হয়। সেই ঘটনার সূত্র ধরে এবং উদ্ধারকৃত মাদকের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মাদককারবারি সামিদুলকে গ্রেপ্তার করা হয়।

চুরি, ডাকাতি ও ছিনতাইসহ ১২টি মামলার আসামি এই গডফাদার আটক হওয়ার খবরে সলঙ্গা ও হাটিকুমরুল এলাকায় সাধারণ মানুষ ও সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে তাঁর সহযোগী আলামিন, ল্যাংরা স্বপন ও রহিমসহ অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন