ভাঙ্গায় পেঁপে চাষে স্বাবলম্বী কৃষক নিজাম উদ্দিন

প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
ভাঙ্গায় পেঁপে চাষে স্বাবলম্বী কৃষক নিজাম উদ্দিন

এ,টি,এম,ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের কৃষক মো. নিজাম উদ্দিন মুন্সী পেঁপে চাষ করে স্বাবলম্বিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের ৯০ শতাংশ জমিতে রাজশাহী জাতের এক হাজার পেঁপের চারা রোপণ করে তিনি ইতোমধ্যে ব্যাপক সফলতা পেয়েছেন। বাগান থেকে এ পর্যন্ত লাখ টাকারও বেশি পেঁপে বিক্রি করেছেন তিনি।

সরেজমিনে বাগান পরিদর্শনে দেখা যায়, সবুজে ঘেরা বিশাল মাঠজুড়ে সারি সারি পেঁপে গাছ দাঁড়িয়ে আছে। প্রতিটি গাছের গোড়া থেকে ওপর পর্যন্ত ঝুলে রয়েছে অসংখ্য পেঁপে। ফলনে ঠাসা বাগানের এই মনোরম দৃশ্য এখন স্থানীয়দের মাঝেও বেশ সাড়া ফেলেছে।

সফল চাষি মো. নিজাম উদ্দিন মুন্সী তাঁর এই যাত্রার গল্প শেয়ার করে জানান, শুরুতে তিনি লাল তীরের ‘বাবু’ জাতের পেঁপের চারা রোপণ করেছিলেন। কিন্তু স্থানীয় আবহাওয়া ও মাটির সাথে জাতটি খাপ খাওয়াতে না পারায় প্রথমে তিনি বেশ লোকসানের মুখে পড়েন। তবে দমে যাননি তিনি। পরবর্তীতে মাদারীপুরের শিবচর উপজেলার ভাবনাতলা এলাকার সফল কৃষি উদ্যোক্তা ডাক্তার বাবুলের পরামর্শে তিনি নতুন করে রাজশাহী জাতের পেঁপে চাষের সিদ্ধান্ত নেন। পুনরায় ৯০ শতাংশ জমিতে এক হাজার চারা রোপণ করার পর গাছগুলো দ্রুত ও চমৎকারভাবে বেড়ে ওঠে এবং আশানুরূপ বাম্পার ফলন দেয়।

তিনি অত্যন্ত আনন্দের সাথে বলেন, “প্রথম দিকে লোকসান হলেও এবার আল্লাহ ভালো ফলন দিয়েছেন। এ পর্যন্ত বাগান থেকে এক লাখ টাকার বেশি পেঁপে বিক্রি করেছি। প্রতিটি গাছে এখনও প্রচুর পেঁপে রয়েছে, যা থেকে আরও ভালো আয়ের আশা করছি। সরকারি বা কৃষি বিভাগের যথাযথ সহযোগিতা ও ঋণ সুবিধা পেলে চারা উৎপাদন আরও বাড়িয়ে দেশের সবজির চাহিদা পূরণে ভূমিকা রাখতে চাই।”

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, “আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান ইতোমধ্যে নিজাম উদ্দিনের পেঁপে বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়েছেন। আমরা ওই কৃষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। সরকারিভাবে পেঁপে চাষের ওপর কোনো বিশেষ প্রণোদনা বা প্রদর্শনী এলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করা হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন