২ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
২ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক
ছবি: সংগৃহীত

জাতীয় ডেস্ক: ফেনীর ফুলগাজীতে মাত্র দুই মাস বয়সী এক কন্যাসন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জন্মদাতা বাবার বিরুদ্ধে। নিহত ওই শিশুর নাম জুনায়েদ। এই নির্মম ঘটনার পর অভিযুক্ত বাবা সুলতানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় ফুলগাজী উপজেলার ভূমি অফিসের পাশে মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা রুনা আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর আগেও কয়েকবার তিনি তাদের অবুঝ শিশুসন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে একপর্যায়ে ঘরের মেঝেতে আছাড় দিলে সে গুরুতর মাথায় আঘাত পায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সুলতানের দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানকে হত্যা করেননি। সন্তানকে নিয়ে খেলাধুলার সময় অসাবধানতাবশত হাত থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সুলতানের আদি বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ডাকঘর এলাকায় এবং রুনা আক্তারের বাড়ি একই উপজেলার বাহাড়তলা এলাকায়। কয়েক বছর আগে জীবিকার তাগিদে তারা ফেনীর ফুলগাজীতে এসে বসবাস শুরু করেন। বর্তমানে মেম্বার কলোনির ওই ভাড়া বাসায় থেকে সুলতান দিনমজুর হিসেবে কাজ করতেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর মাহমুদ জানান, শিশুটিকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন