রাজবাড়ীতে অবৈধ কারেন্ট জাল ধ্বংস
রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ এই কারেন্ট জাল মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) রাতে বালিয়াকান্দি থানার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় র্যাব-১০ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এহসানুল হক শিপন-এর নেতৃত্বে এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে পশ্চিম বালিয়াকান্দি এলাকার অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী মোঃ সুজন শেখ (৩৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের প্রায় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা (সহকারী পরিচালক) সিনি. সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও জনস্বার্থে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে র্যাবের এই 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে। দেশের পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এই ধরণের যৌথ অভিযান অব্যাহত রাখা হবে।
এআইএল/সকালবেলা
|