সুন্দরবনে নিখোঁজ ৭ মৌয়াল উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
সুন্দরবনে নিখোঁজ ৭ মৌয়াল উদ্ধার

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৮ মৌয়ালের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে নিখোঁজ মিকাইল গাজীকে উদ্ধারের পর কৈখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তারা তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস পারমিট নিয়ে ৮ জনের একটি মৌয়াল দল সুন্দরবনের গভীরে মধু সংগ্রহে যান। উদ্ধার হওয়া মিকাইল জানান, বনে ঢোকার ৫-৭ দিন আগে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। প্রাণ বাঁচাতে মৌয়ালরা বনের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন এবং নিখোঁজ হন।

নিখোঁজের সংবাদ পাওয়ার পর বন বিভাগ ও কোস্ট গার্ডের তৎপরতায় একে একে ৭ জন মৌয়ালকে খুঁজে বের করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন— সোরা গ্রামের মিকাইল গাজী, তারানিপুর গ্রামের আল মামুন ও মনিরুল ইসলাম এবং গোদাড়া গ্রামের ইউনুস মোল্লা, অলিউল, সবুর ও ইকরামুল হোসেন।

কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ জানান, "আমরা সাতজনকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। তবে গোদাড়া গ্রামের মৃত আমিন মোল্লার পুত্র আকবর মোল্লা এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ায় পরিবারগুলোতে স্বস্তি ফিরলেও, আকবর মোল্লার সন্ধান না মেলায় তাঁর স্বজনদের মাঝে এখনো উদ্বেগ বিরাজ করছে। বন বিভাগ জানিয়েছে, নিঁখোজ মৌয়ালকে খুঁজে না পাওয়া পর্যন্ত তল্লাশি চালানো হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন