কুবিতে 'ইন্টারন্যাশনাল ইকো লিডারশীপ সামিট' অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যান্ট্রোপ্রোনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে “ইন্টারন্যাশনাল ইকো লিডারশীপ সামিট ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সামিট সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের পরিবেশ সচেতনতা, টেকসই উন্নয়ন ও আধুনিক নেতৃত্ব গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শুধু জ্ঞান অর্জন নয়, তা বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতা অর্জনই আসল সার্থকতা।" তিনি পরিবেশ রক্ষায় যুবসমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
প্রাইম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান বলেন, যুবসমাজের দক্ষতা উন্নয়নে তাদের প্রতিষ্ঠান নিরলস কাজ করে যাচ্ছে। শিশুলাজের চেয়ারম্যান ও ডিরেক্টর আজম খান শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়া উচিত।
ইএলডিসি সভাপতি আবদুল্লা আল নোমান জানান, দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা বৈশ্বিক পরিবেশনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, টিমওয়ার্ক ও প্যানেল আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন ধারণা লাভ করেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থী অন্বেষা নাথ এই সেমিনারকে অত্যন্ত সময়োপযোগী ও তথ্যবহুল বলে অভিহিত করেন।
এ.আই.এল/সকালবেলা
|