নাসিরনগরে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
নাসিরনগরে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রাম সংলগ্ন বেমালীয়া নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া। ঘটনায় আহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে এক মুমূর্ষু রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি পুনরায় চাতলপাড়ের দিকে ফিরছিল। পথিমধ্যে বেমালীয়া নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া স্টিলের বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটের তিন আরোহীই মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন