কটিয়াদীতে শিক্ষার্থীদের দেওয়া মিড-ডে মিলে পচা রুটি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের বনরুটিতে পচন ও দুর্গন্ধ পাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই রুটিতে কালো আস্তরণ ও দুর্গন্ধ দেখা দেওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার মসূয়া ইউনিয়নের ৫২ নম্বর চরআলগী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। প্যাকেটজাত খাবার হাতে পাওয়ার পরপরই কয়েকজন শিক্ষার্থী রুটিতে কালো আস্তরণ ও পচন দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বিতরণকৃত নষ্ট রুটিগুলো শিক্ষার্থীদের কাছ থেকে তড়িঘড়ি করে ফেরত নেওয়া হয়।
অভিভাবক শাহ পরান, মো. ইমরান ও আব্দুল্লাহ হিল ওয়ানি বলেন, প্যাকেটে মেয়াদ উত্তীর্ণের তারিখ ১৪ সেপ্টেম্বর লেখা থাকলেও একদিন আগেই তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। সরবরাহ ও সংরক্ষণের কোন পর্যায়ে এই গাফিলতি হয়েছে তা তদন্তের দাবি জানান তাঁরা। স্বপ্না আক্তার নামে এক অভিভাবক অভিযোগ করে বলেন, এর আগেও শিক্ষার্থীদের কাঁচা কলা, পচা রুটি কিংবা অর্ধসিদ্ধ ডিম দেওয়া হয়েছে। শিক্ষকদের বারবার জানানো হলেও টেকসই কোনো সমাধান মেলেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি দাপ্তরিক কাজে উপজেলা সদরে থাকাকালীন বিষয়টি ঘটে। খবর পাওয়ার সাথে সাথেই নষ্ট রুটিগুলো ফেরত নিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে পাঠাবার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনার বিষয়ে ব্যাখ্যা চেয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হবে। এ ব্যাপারে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না; তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা