মাদক ও গুলিসহ মেহেরপুরে বাবা-ছেলে আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
মাদক ও গুলিসহ মেহেরপুরে বাবা-ছেলে আটক

বিশেষ সংবাদদাতা, মেহেরপুর: মেহেরপুর শহরের তাঁতিপাড়ার এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি ও মুঠোফোনসহ ফিরোজ হোসেন (৫৬) ও তার ছেলে আমানুল্লাহ আমানকে (২৭) আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মেহেরপুর সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদকের কেনাবেচা চলছে—এমন সংবাদের ভিত্তিতে যৌথ দল অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৩৭৩ পিস ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৫ রাউন্ড গুলি, ৬৪ গ্রাম ভাঙ, দুটি মুঠোফোন ও নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লাহকে আটক করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে মাদকের ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন