দিনাজপুরে অবৈধ সার জব্দ: ৪ ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
দিনাজপুরে অবৈধ সার জব্দ: ৪ ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ সার ডিলারকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা এবং একটি গুদাম সিলগালা করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোচাগঞ্জ সড়কের মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম। অভিযানে মেসার্স শাহির ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ নাসিম ইকবাল খোকনকে অবৈধ মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ৭৮২ বস্তা সার জব্দ করা হয়। একই রাতে লাইসেন্সবিহীন খুচরা বিক্রেতা মোঃ আলিম-এর দোকানে অভিযান চালিয়ে ১৭ বস্তা সার জব্দ ও তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মেসার্স নবাব ট্রেডার্সের স্বত্বাধিকারী মশিউর রহমানের নিবন্ধনবিহীন ঘর থেকে অবৈধ ৮২ বস্তা সার জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

একই দিন চককাঞ্চন মোড়ে পৃথক অভিযানে বিসিআইসি ডিলার মেসার্স হাসেম ট্রেডার্সের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমকে ৫১০ বস্তা সারসহ আটক করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে উন্মুক্ত বিক্রির নির্দেশ দেন এবং অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: রুম্মান আক্তারকে।

অভিযানে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, সারের কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরণের মনিটরিং অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন