শ্যামনগরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ণ
শ্যামনগরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে খুলনাগামী বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৫ মিনিটে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বংশীপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস বংশীপুর লস্কর ফিলিং স্টেশন সংলগ্ন আজিবর রহমানের বাড়ির সম্মুখে পৌঁছালে মোটরসাইকেলটির সাথে বাসের সংঘর্ষ হয়। এতে শুভঙ্কর সড়কে পড়ে যান এবং বাসের পেছনের চাকা তাঁর মাথার (হেলমেট পরিহিত) ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশের সুরতহাল ও পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন