তাকমীল পরীক্ষার নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না
বিশেষ সংবাদদাতা: কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জন্মসাল সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ে নিবন্ধনকালীন জন্মসালের সাথে অভিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৯তম সভায় মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়ার নিবন্ধনের সময় একজন শিক্ষার্থীর যে জন্মসাল উল্লিখিত হবে, দাওরায়ে হাদীস (তাকমীল)-এর নিবন্ধনেও ঠিক সেই একই জন্মসাল বহাল থাকবে। দাওরায়ে হাদীসের নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর জন্মসাল পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ থাকবে না। এমনকি দাওরায়ে হাদীস পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও এই জন্মসাল অপরিবর্তিত থাকবে বলে সভায় স্পষ্টভাবে জানানো হয়।
নতুন এই বিধান ১৪৪৯ হিজরী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল বোর্ড, দাওরায়ে হাদীস মাদরাসা ও শিক্ষার্থীদের বিশেষভাবে অবহিত করা হচ্ছে বলে জানিয়েছেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান।
এআইএল/সকালবেলা