নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ণ
নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও করে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ ভোক্তাদের জিম্মি করে বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে ফেলেছে। ফলে বাজারে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বক্তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং এসব অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্যাব নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং কারসাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রির দাবিও জানান তারা।

ক্যাব নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার নন্দীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন