পাবনায় অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ
পাবনায় অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

পাবনা প্রতিনিধি: পাবনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের এক বিশেষ চিরুনি অভিযান পরিচালিত হয়েছে। গত ১২ ঘণ্টার এই ঝটিকা অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক শীর্ষ নেতাসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সরাসরি নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে আজ শুক্রবার (১২ জুন) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

জেলা পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, অভিযানে পাবনা সদর থানা এলাকা থেকে ৫ জন, ঈশ্বরদীতে ৪ জন, ভাঙ্গুড়ায় ১ জন, ফরিদপুরে ৪ জন, সাঁথিয়ায় ১ জন, বেড়ায় ৩ জন এবং আতাইকুলা থানা এলাকা থেকে ১ জনসহ মোট ১৯ জন অপরাধীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে স্বৈরাচারী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নিষিদ্ধ সংগঠন ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছেন।

আটককৃতদের মধ্যে ১৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধী অপরাধীকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) সামনে হাজির করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বাকি ৪ জন আসামির বিরুদ্ধে নাশকতা, চোরাচালান ও নিয়মিত ফৌজদারি অপরাধের মামলা থাকায় আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ অভিযানের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “মাদক, জাল টাকা, ভেজাল পণ্য এবং যেকোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক অপরাধ দমনে পাবনা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন