ডোমারের মির্জাগঞ্জ রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন
মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও রেললাইন পুনঃচালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন ও মির্জাগঞ্জ এলাকাসহ আশপাশের বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ রেলস্টেশনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সেবা বঞ্চিত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত স্টেশনটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি জানান। স্থানীয়দের ভাষ্য, আগে মির্জাগঞ্জ স্টেশনটি ডোমারসহ দেবীগঞ্জ, জলঢাকা ও ডিমলা এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। তবে গত ১৫-২০ বছর ধরে এটি অবহেলিত। সারাদিনে শুধু খুলনা মেইল ট্রেনটি ২ নম্বর লাইনে থামায় উঁচু প্ল্যাটফর্ম ও শেডের অভাবে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ট্রেনে ওঠানামা করতে চরম ঝুঁকির মুখে পড়তে হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ছাউনিসহ অবকাঠামো থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হচ্ছে না। মির্জাগঞ্জ এলাকার শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচলের সুবিধার্থে অনতিবিলম্বে ১ নম্বর লাইন চালুসহ তিতুমীর, রূপসা, নীলসাগর ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে। দ্রুত দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
এআইএল/সকালবেলা