ভাঙ্গায় সহকারী শিক্ষা কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
ভাঙ্গায় সহকারী শিক্ষা কর্মকর্তার লাশ উদ্ধার

এ. টি. এম. ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাজিব হোসেন রাজু (৩৬) নামে এক প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজিব হোসেন রাজু সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নুর ইসলাম শেখের পুত্র। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব হোসেন ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড সংলগ্ন প্রফেসর সরোয়ার হোসেনের ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন। তাঁর স্ত্রী হ্যাপি আক্তারও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। হ্যাপি আক্তার জানান, সকালে তিনি স্কুলে যাওয়ার সময় স্বামীর সঙ্গে স্বাভাবিক কথা হয়েছিল। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফোন দিলে তাঁর শিশুকন্যা অসংলগ্ন কথা বললে তিনি আতঙ্কিত হয়ে স্কুল থেকে বাসায় ফেরেন। বাসায় এসে স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

খবর পেয়ে বিকেল ৪টা ১৫ মিনিটে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা থানার এসআই হাবিব জানান, "লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন