বানিয়াচংয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, ইউএনও লাঞ্ছিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ
বানিয়াচংয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, ইউএনও লাঞ্ছিত

মো. ইউসুফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। একপর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রবেশ করে ইউএনও মাহমুদা বেগম সাথীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ নজিরবিহীন উত্তেজনাকর ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষায় যথাযথ স্বচ্ছতা মানা হয়নি। অনেক যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে ফলাফল তৈরি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে ওই পরীক্ষার বিতর্কিত ফলাফল প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় প্রর্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বঞ্চিত প্রার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে বিক্ষোভকারীদের একাংশ ইউএনওর কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভেতরে প্রবেশ করে ইউএনওকে লাঞ্ছিত করে। পরবর্তীতে তারা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কক্ষে প্রবেশের চেষ্টা চালালে সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্ষ তালাবদ্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বানিয়াচং থানার ওসির নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাউর রয়েছে যে, পরিস্থিতির মুখে ইউএনও মৌখিকভাবে ফলাফল স্থগিতের আশ্বাস দিয়েছেন; তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত সরকারি আদেশ প্রকাশ করা হয়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ মেলেনি।

ঘটনা ও লাঞ্ছনার বিষয়ে বক্তব্য নিতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার সাথীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন