আইনজীবীর ওপর হামলায় পরোয়ানা, প্রাণনাশের আশঙ্কায় পরিবার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ণ
আইনজীবীর ওপর হামলায় পরোয়ানা, প্রাণনাশের আশঙ্কায় পরিবার

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর জজ কোর্টের সামনে সরকারি আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভর ওপর হামলার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রাণনাশের হুমকিতে নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আইনজীবীরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯ আগস্ট বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে জজ কোর্ট সংলগ্ন সড়কে আইনজীবী রুহুল আমিন ও মাহীন হাসান শুভর ওপর ধারালো অস্ত্র ও হেলমেট নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তাঁরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সময় স্থানীয় লোকজন ও আইনজীবীরা কয়েকজন হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করলেও অজ্ঞাত কারণে পুলিশ তাঁদের ছেড়ে দেয়। পরবর্তীতে চিকিৎসা শেষে অ্যাডভোকেট রুহুল আমিন বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং- ১০২১/২০২৬) দায়ের করলে আদালত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, আদালত পরোয়ানা জারি করার পর থেকে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাই আদালতের পরোয়ানা দ্রুত কার্যকর করে আসামিদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে এজিপি অ্যাডভোকেট রুহুল আমিন, জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট মাহীন হাসান শুভ, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেলসহ স্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন