মিয়ানমারে সার পাচারের চেষ্টা ব্যর্থ, ৪৮.৫ টন ইউরিয়া উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
মিয়ানমারে সার পাচারের চেষ্টা ব্যর্থ, ৪৮.৫ টন ইউরিয়া উদ্ধার

মোহাম্মদ সোহেল রানা, ব্যুরো প্রধান চট্টগ্রাম জেলা: চট্টগ্রামের সমুদ্রসীমাকে ব্যবহার করে মিয়ানমারে সারের চালান পাচারের একটি বড় ধরনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে জেলার মিরসরাই উপজেলার ইছাখালী ঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৪৮ দশমিক ৫ টন (৯৬০ বস্তা) সরকারি ইউরিয়া সারসহ ৪টি ট্রাক ও ১টি ইঞ্জিনচালিত ফিশিং বোট জব্দ করা হয়েছে। একই সাথে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ের ইছাখালী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গভীর রাতে ৪টি ট্রাকে করে সারের চালান এনে সাগরে নোঙর করা ফিশিং বোটে তোলার সময় কোস্ট গার্ড এলাকাটি ঘেরাও করে ফেলে। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪৮ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার উদ্ধারসহ ট্রাক ও ট্রলার জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, দেশীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে চক্রটি চট্টগ্রাম উপকূল ব্যবহার করে তা পাচারের চেষ্টা করছিল। সার, জব্দকৃত যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন