কর্ণফুলীতে লাফ দেওয়া নারীকে বাঁচালেন মাঝিরা
মোহাম্মদ সোহেল রানা, ব্যুরো চিফ চট্টগ্রাম: পানির তীব্র স্রোত উপেক্ষা করে জীবনবাজি রেখে এক অজ্ঞাতপরিচয় নারীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন চট্টগ্রামের বাকলিয়া এলাকার কর্ণফুলী নদীর মাঝিরা। ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেওয়া ওই নারীকে জীবিত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় ওই নারী সেতু থেকে হঠাৎ কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে তিনি নদীর তীব্র স্রোতে ভেসে যেতে থাকেন। ঘাটে থাকা মাঝিরা বিষয়টি দেখতে পেয়েই নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে নৌকা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। অত্যন্ত দক্ষতার সাথে মাঝিরা তাঁকে পানি থেকে টেনে তীরের দিকে নিয়ে আসেন।
উদ্ধারের পরও ওই নারী অচেতন থাকায় দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তিনি মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত বলে জানা গেছে। তবে তাঁর নাম-পরিচয় কিংবা কী কারণে তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা দানু মিয়া অবিলম্বে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। স্থানীয়দের সময়োচিত উদ্ধার তৎপরতা ও সচেতনায় বেঁচে গেছে একটি মূল্যবান প্রাণ।
এআইএল/সকালবেলা