শাশুড়িকে সম্মান করতে বলায় পিতাকে হত্যা
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় শাশুড়িকে আপ্যায়ন ও সম্মান করার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে বাবার বুকে চাকু মেরে হত্যা করেছে নিজ ছেলে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহুবার রহমানের ছেলে হাসানুর রহমানের (২২) সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে শাশুড়িসহ কয়েকজন আত্মীয় বাড়িতে এলে জামাই হাসানুর তাঁদের বসতে বা খেতে বলেননি। এতে ক্ষুব্ধ হয়ে বাবা মহুবার রহমান ছেলেকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান জানিয়ে আপ্যায়ন করতে। ছেলে এতে অসম্মতি জানালে বাবা ছেলেকে একটি চড় মারেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শাশুড়ির সামনে চড় খাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে হাসানুর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেন। এতে প্রচুর রক্তক্ষরণ হলে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহুবার রহমান মারা যান।
ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে হাসানুর পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা