পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে পাঁচবিবি-হিলি আঞ্চলিক মহাসড়কের নাকরগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকাশ মোটরসাইকেলে হিলির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তাঁর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা