জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক হোসেন

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেছেন, “জনগণই বিএনপির মূল শক্তির উৎস। কোনো বাহিনীনির্ভর রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। তাই জনগণকে সাথে নিয়ে রাজপথে শান্তিপূর্ণ উপায়ে সকল অশুভ চক্রান্তের জবাব দেওয়া হবে।”

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে ঢাকা-৬ আসনভুক্ত সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি ও বংশাল থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইশরাক হোসেন বলেন, অতীতে পুরান ঢাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সকল বাধা-বিপত্তি ও চক্রান্ত মোকাবিলা করে রাজপথে আন্দোলন গড়ে তোলা হয়েছিল। জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছে এবং সেই আমানত সততার সাথে রক্ষা করা হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসর ও দেশের অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের এখনো বিভিন্ন স্থানে তৎপর দেখা যাচ্ছে। আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক চক্রান্ত রুখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন