কক্সবাজারে সরকারি গাছ কাটার সময় হাতেনাতে আটক ৪

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
কক্সবাজারে সরকারি গাছ কাটার সময় হাতেনাতে আটক ৪

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহরঘোনা রেঞ্জের ধলিরছড়া বিটে সরকারি বনায়নের গাছ কাটার সময় হাতেনাতে চারজনকে আটক করেছে বন বিভাগ।

রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেনের নেতৃত্বে ও বিট কর্মকর্তা আব্দুছামাতের সহযোগিতায় গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বন বিভাগ জানায়, ধলিরছড়া বিটের ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে সৃজিত বাগানের মূল্যবান গাছ কাটার উদ্দেশ্যে চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। জনবল সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে গাছ কাটার চক্রান্ত করা হলেও বন বিভাগের তৎপরতায় তা নস্যাৎ হয়। সরকারি বন সম্পদ রক্ষায় চলতি মেয়াদে গাছ কাটার অভিযোগে ৫টি মামলাসহ আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেহরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, জনবল সংকট থাকা সত্ত্বেও বন ও পরিবেশ রক্ষায় বন বিভাগ সর্বদা সতর্ক রয়েছে। সরকারি বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন