বাবা-কন্যার যে ভালোবাসায় কাঁদলো উজিরপুরের মানুষ

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
বাবা-কন্যার যে ভালোবাসায় কাঁদলো উজিরপুরের মানুষ

বিশেষ প্রতিনিধি: চুরির অভিযোগে গাছে বেঁধে বাবাকে মারধর করছিলেন একদল মানুষ। উত্তেজনাকর সেই পরিস্থিতির মাঝেই ভিড় ঠেলে কাঁদে কাঁদতে হাজির ৯ বছরের এক ফুটফুটে শিশু। হাতজোড় করে আকুতি জানিয়ে বলল, “আমার বাবাকে মেরো না!” সন্তান ও বাবার ভালোবাসা আর মানবিকতার এই হৃদয়বিদারক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত অনেকেই।

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে। আটক ব্যক্তির নাম অনিক হাওলাদার। স্থানীয়দের দাবি, তিনি এর আগেও একাধিক চুরির ঘটনায় যুক্ত ছিলেন।

ভোরে চুরির অভিযোগে অনিককে হাতেনাতে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসে তাঁর ৯ বছরের শিশুটি। শুধু বাবাকে বাঁচানোর আকুতিই নয়, কিছুক্ষণ পর বাড়ি থেকে চা ও রুটি বানিয়ে নিয়ে আসে সে। চায়ে রুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিতে দিতে সে বলে, “দেখো বাবা, তোমার কিচ্ছু হবে না।” রক্তভেজা ক্ষতস্থানে হাত বুলিয়ে বারবার জিজ্ঞেস করতে থাকে, “বেশি ব্যথা পাইছো বাবা?”

শিশুটির এমন দৃশ্য দেখে উপস্থিত জনতার উত্তেজনা মুহূর্তে থমকে যায়। পরে মানবিক দিক বিবেচনা করে এবং স্থানীয় সালিশের মাধ্যমে অনিককে ছেড়ে দেওয়া হয়।

উজিরপুর মডেল থানার কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হওয়ায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন