নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন: ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন: ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

স্টাফ রিপোর্টার: দেশের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ম্যান্ডারিন (চীনা), জাপানি, জার্মান, কোরিয়ান ও আরবিসহ বিভিন্ন ভাষা শেখার এ কার্যক্রম শুরু হবে। দেশের সকল বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করে তৈরি করা হবে এসব সেন্টার। এ লক্ষ্যে বিদেশি দূতাবাসগুলোর সহায়তায় শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, কেবল ভাষা শিক্ষাই নয়, বাংলাদেশ ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা, যৌথ গবেষণা, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজারে যোগ্য মানবসম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখবে এ ধরনের উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিসি ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন