চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে বন্ধুদের মধ্যকার তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাতে রজব আলী (২৪) নামে এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন। 

আজ বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মসজিদপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদপাড়া এলাকার জিশান আলী, মেহেদী হাসান ও রজব আলী একে অপরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। আজ দুপুরে তাঁরা এলাকার একটি স্থানে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে তাঁদের মধ্যে কোনো একটি সাধারণ বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। কথার কাটাকাটির একপর্যায়ে জিশান উত্তেজিত হয়ে আচমকা ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর বুকে আঘাত করেন।

রজব রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। তাঁর বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুদের মাঝে অতি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত বন্ধুরা পলাতক রয়েছে। ঘাতক জিশানসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন