ঈশ্বরদীতে গণপিটুনিতে চোর নিহত
মো. হাসান ইসলাম, পাবনা: পাবনার ঈশ্বরদীতে দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে সুমন (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন একই গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঠান্ডাতলা এলাকায় মো. হাবিবুলের দোকানে একদল চোর প্রবেশ করে। এ সময় দোকান মালিক হাবিবুল ও তাঁর ছেলেরা বাধা দিলে চোর চক্র তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তাঁর সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
দুষ্কৃতকারীদের হামলায় আহত দোকান মালিক মো. হাবিবুল মন্ডল এবং তাঁর দুই ছেলে শাকিল মন্ডল ও সাহান মন্ডলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাহাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তোহিদুল ইসলাম তুহিন জানান, নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, চুরির সময় দোকান মালিক ও তাঁর ছেলেদের কুপিয়ে আহত করায় এলাকাবাসীর গণপিটুনিতে সুমন মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এআইএল/সকালবেলা
|