জামালপুরে ইশরাত মিমি হত্যা রহস্য উদঘাটন

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
জামালপুরে ইশরাত মিমি হত্যা রহস্য উদঘাটন

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় বহুতল ভবনের পঞ্চম তলা থেকে ইশরাত জাহান মিমি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্পর্কের টানাপোড়েন ও অর্থ দাবির জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) জামালপুর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার পংকজ দত্ত।

এর আগে ২৪ আগস্ট সদরের বাগেরহাটা এলাকা থেকে মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, ২৩ আগস্ট সকালে ভাড়া বাসা থেকে মিমির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মা হত্যা মামলা দায়ের করলে তদন্তভার নেয় পিবিআই। জবানবন্দিতে কাউসার স্বীকার করেন, পরিচয়ের পর মিমির সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গোপন ভিডিওর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায় করা হতো।

ঘটনার দিন (২২ আগস্ট) মিমি মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং কাউসারের স্ত্রীকে ফোন দিয়ে সম্পর্কের কথা জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তির একপর্যায়ে মিমিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান কাউসার।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, আসামির স্বীকারোক্তি ও সাক্ষ্য-প্রমাণে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হয়েছে। নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন