বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
অনলাইন ডেস্ক: দীর্ঘ সাত বছর পর কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, এবারের সফরে শি জিনপিং প্রায় ৪০০ সদস্যের এক বিশাল শক্তিশালী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর আগে ২০১৯ সালে ভারতের তামিলনাড়ুর মামাল্লাপুরামে নরেন্দ্র মোদীর সঙ্গে অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ২০০ জনের প্রতিনিধিদল সঙ্গে এনেছিলেন তিনি।
ভারত ও চীনের সীমান্ত সম্পর্কের টানাপোড়েনের ইতিহাস জানতে দেখতে পারেন
সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিকস সম্মেলনের মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি সাইডলাইন বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ২০২০ সালে গালওয়ান উপত্যকার প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এটিই শি জিনপিংয়ের প্রথম ভারত সফর হতে যাচ্ছে।
ইতোমধ্যেই চীনা প্রতিনিধিরা নয়াদিল্লির নিরাপত্তা প্রোটোকল ও আবাসন চূড়ান্ত করতে মাঠপর্যায়ে কাজ করছেন। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের বাণিজ্য নীতির কারণে বেইজিং ও নয়াদিল্লি উভয়পক্ষই কৌশলগত সম্পর্ক জোরদারে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
|