পাকুন্দিয়ায় বিএনপি নেতাকে প্রকাশ্য হত্যার হুমকি

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় বিএনপি নেতাকে প্রকাশ্য হত্যার হুমকি
সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ, প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ ও তদন্তের দাবি (ফাইল ছবি)।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রকাশ্য প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা যায়, নির্দিষ্ট এক ব্যক্তিকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর ও মারাত্মক হুমকিসূচক মন্তব্য করা হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়— “তার লাশটাও পাকুন্দিয়ার মাটিতে দাফন করতে দেব না” এবং “১৫ দিনের ভিতর তুই পেকেট”।

এ ধরনের প্রকাশ্য হুমকি কেবল ব্যক্তিগত বা দলীয় বিরোধের সাধারণ বহিঃপ্রকাশ নয়; বরং এটি একজন সাধারণ নাগরিকের জীবন ও সংবিধানস্বীকৃত মৌলিক নিরাপত্তার ওপর সরাসরি এক গুরুতর আঘাত। এমন প্রকাশ্য ও ভয়াবহ হুমকির ঘটনা এলাকায় চরম সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে এবং সাধারণ জনমনে গভীর নিরাপত্তাহীনতার জন্ম দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

উদ্ভুত পরিস্থিতিতে রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ মহলের নিরপেক্ষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিশোরগঞ্জ জেলা ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে হুমকিদাতার সামাজিক বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের শাসন সমুন্নত রাখতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করে প্রচলিত আইনের মাধ্যমে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। একই সঙ্গে যাকে লক্ষ্য করে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, সেই ব্যক্তি ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি পদক্ষেপ গ্রহণ আবশ্যক।

মতাদর্শ বা রাজনৈতিক মতের অমিল কখনোই কাউকে হত্যা করার বা সমাজচ্যুত করার কারণ হতে পারে না। ফলে ঘটনার পেছনের প্রকৃত রহস্য উন্মোচন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন