আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার এক হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে, মমতাজকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
গ্রেপ্তারের আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান থাকায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। একই সঙ্গে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময় বাদী মো. মুক্তার হোসেন রাজধানীর মিরপুরের সুইমিং কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও গুলিবর্ষণে পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনি আহত হন। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় মমতাজ বেগমকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
|