আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা পুরোদমে শুরু
বিশেষ প্রতিনিধি: দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় পুরোদমে চালু হয়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় লাইসেন্স পুনর্বহাল করে আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালুর অনুমতি দেয়।
অনুমতি পাওয়ার পর আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টা থেকে হাসপাতালটিতে আগের মতো পূর্ণ উদ্যোমে শুরু হয় রোগীদের চিকিৎসাসেবা। চিকিৎসা কার্যক্রম সচল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভর্তি থাকা রোগী, সাধারণ সেবাগ্রহীতা এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের অন্যতম ভরসাস্থল এ হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন ৬০৭ জন রোগী। এছাড়া প্রথম দিনেই ভর্তি হয়েছেন নতুন ৫৬ জন রোগী। হাসপাতালটিতে এদিন ৮টি সিজারিয়ান অস্ত্রোপচার ও ৩টি সফল স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে মোট ১১টি শিশুর জন্ম হয়।
হাসপাতাল চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। নেপাল থেকে আসা এক ইন্টার্ন চিকিৎসক জানান, হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা মানবিকভাবে ভেঙে পড়েছিলেন, কারণ অন্য দেশীয় চিকিৎসকদের ইন্টার্নশিপ সম্পন্ন করা নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। আবার চিকিৎসা সেবা দিতে পেরে তাঁরা আনন্দিত। একই কথা জানান মেডিকেলের ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীরাও।
শরীয়তপুর থেকে চিকিৎসা নিতে আসা আমেনা আক্তার বলেন, "এখানে চিকিৎসা খরচ তুলনামূলক কম এবং ডাক্তার-নার্সদের আন্তরিকতা প্রশংসনীয়। হাসপাতাল চালু হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হলো।"
আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহেদ হোসাইন বলেন, "এখানে কাজ করা প্রায় দুই হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায় পড়েছিল। লাইসেন্স ফেরত পাওয়ায় সেই সংকট কাটল। এখন নতুন উদ্যমে সবাই সেবা কাজে আত্মনিয়োগ করবে।"
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামোগত ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাস, ভেন্টিলেশন ও অক্সিজেনের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্বল্প খরচে গুণগত ও মানসম্মত সেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।"
উল্লেখ্য, অলাভজনক প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা, শিক্ষাসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে সারাদেশে ৯টি হাসপাতাল ও ৫টি মেডিকেল কলেজসহ একাধিক নার্সিং ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে।
এআইএল/সকালবেলা
|