প্রতিমন্ত্রী রাজীবের দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহনের অঙ্গীকার
সাঈদ পান্থ, বরিশাল: ‘আজকের দিনে একজন শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ—যা হতে চাইবে, তাই হতে পারবে।’ শিক্ষার্থীদের দেশসেবার ব্রত নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (৩ অক্টোবর) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নৌপ্রতিমন্ত্রী বলেন, সহপাঠীর সাফল্যে আনন্দিত হওয়া এবং তার দুঃখে ব্যথিত হওয়ার মানসিকতা সৃষ্টি হলে বুঝতে হবে চিন্তাভাবনা সৎ ও ইতিবাচক। তিনি আরও প্রতিশ্রুতি দেন, লেখাপড়ার খরচ কিংবা পরীক্ষায় অংশগ্রহণে কোনো শিক্ষার্থী পারিবারিকভাবে আর্থিক সংকটে পড়লে তিনি ব্যক্তিগতভাবে তাঁদের পাশে থাকবেন।
শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়ে রাজীব আহসান বলেন, পড়ালেখার সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজ শাখার নেতৃবৃন্দ নতুন ও পুরোনো শিক্ষার্থীদের হাতে ফুল, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
এআইএল/সকালবেলা