দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ড অনুযায়ী সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ঢাকার বায়ুমান স্কোর দাঁড়িয়েছে ২০৮। বাতাসের এই মান নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩০৬। বাতাসের এই মান সেখানকার নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যার বায়ুমান স্কোর ২৫৫। অন্যদিকে, ১৮৮ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ইরানের রাজধানী তেহরান।

আইকিউএয়ারের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই বা বায়ুমান সূচক নির্ধারণ করা হয় মূলত দূষণের ৫টি প্রধান বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, তীব্র বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো জটিল রোগের প্রকোপ ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সংস্থাটির পরিসংখ্যান বলছে, ভয়াবহ এই বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।