৮ বছর আগে প্রস্তাব গ্রহণের ছবি শেয়ার করলেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
৮ বছর আগে প্রস্তাব গ্রহণের ছবি শেয়ার করলেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা
নিক জোনাসের বিয়ের প্রস্তাবে প্রিয়াঙ্কা চোপড়ার 'হ্যাঁ' বলার বিশেষ মুহূর্ত

বিনোদন ডেস্ক :বলিউড ও হলিউডের অন্যতম চর্চিত দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের ভালোবাসার সম্পর্কের ঝুলিতে যুক্ত হলো নতুন এক আবেগময় মুহূর্ত। প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তিনি যেদিন প্রথম 'হ্যাঁ' বলেছিলেন, সেই সম্পর্কের বিশেষ মুহূর্তের একটি অদেখা ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস।

আবেগময় ছবিটি শেয়ার করে নিক জোনাস ক্যাপশনে লিখেছেন, "৮ বছর আগে সে 'হ্যাঁ' বলেছিল।" ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কার হাত ধরে পরম ভালোবাসায় এনগেজমেন্টের হীরার আংটিটি দেখাচ্ছেন নিক, আর লাজুক হাসিতে দুই হাতে মুখ ঢেকে রেখেছেন প্রিয়াঙ্কা।

নিকের এই পোস্টটির পরই তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, "অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি আমাকে সেদিন প্রস্তাব দিয়েছিলে..."।

এর আগে প্রিয়াঙ্কার সাম্প্রতিক জন্মদিনেও সমুদ্রের নৌকায় ঘুরে বেড়ানোর একটি মিষ্টি ভিডিও পোস্ট করে নিক লিখেছিলেন, 'মি আমোর'—যার বাংলা অর্থ ‘আমার ভালোবাসা’।

উল্লেখ্য, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালে ভারতের যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিস্টান রীতিতে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ও নিক। বিয়ের চার বছর পর ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাস।

বর্তমানে ব্যক্তিজীবনের পাশাপাশি অভিনয় ক্যারিয়ার নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির আসন্ন বিগ বাজেটের সিনেমা ‘বারাণসী’-তে তাকে ‘মন্দাকিনি’ চরিত্রে দেখা যাবে, যেখানে তার সাথে পর্দায় থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এছাড়া তার ব্লকবাস্টার স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেও প্রিয়াঙ্কাকে রিচার্ড ম্যাডেনের বিপরীতে ফের অ্যাকশন অবতারে দেখা যাবে।

মন্তব্য করুন