শাহরুখের প্রেমে হাবুডুবু খেলেও কেন হতে হয়েছিল বোন, জানালেন সাদিয়া
নিজস্ব প্রতিবেদক: বলিউড বাদশাহ শাহরুখ খানের তিনি অন্ধ ভক্ত, মনে মনে তাঁর প্রেমে হাবুডুবুও খাচ্ছেন দীর্ঘদিন ধরে। অথচ রুপালি পর্দায় ভাগ্যচক্রে তাকেই হতে হয়েছিল শাহরুখের আপন বোন! ১৯৯৪ সালে মুক্তি পাওয়া বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘কভি হ্যাঁ কভি না’-তে শাহরুখ খানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া সিদ্দিকি। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই সিনেমায় বাধ্য হয়ে অভিনয় করা এবং শুটিং সেটের একঝাঁক অম্লমধুর ও রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
১৯৯৩ সালে ‘হামরাহি’ ধারাবাহিকে সাদিয়ার চমৎকার অভিনয় দেখে মূলত তাকে ‘কভি হ্যাঁ কভি না’ সিনেমার এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শুরুতে এই চরিত্রটি করতে একেবারেই রাজি ছিলেন না সাদিয়া। এর কারণ হিসেবে তিনি জানান, শাহরুখের প্রতি তাঁর মনে কোনো ভাইবোনের অনুভূতি ছিল না। বরং তিনি মনে মনে ভীষণ ভয় পেয়েছিলেন যে, শাহরুখের প্রতি তাঁর মনের আসল ভালো লাগা ও প্রেমের অনুভূতিটাই যদি ক্যামেরায় ধরা পড়ে যায়, তবে দর্শকের কাছে ভাইবোনের রসায়নটি মোটেও বিশ্বাসযোগ্য মনে হবে না। সাক্ষাৎকারে সাদিয়া সরলস্বীকারোক্তি দিয়ে বলেন, ‘আমি যখন এই ছবির জন্য নির্বাচিত হই, তখন আমি শাহরুখের প্রেমে বুঁদ। আমার চোখে তখন ও ছাড়া আর কেউ ছিল না। সেই সময়েও ওকে ভালোবাসতাম, এখনো ওকেই ভালোবাসি।’
সিনেমায় বোনের চরিত্রের প্রস্তাব পাওয়ার পর সাদিয়া প্রথমে পরিচালকের কাছে শাহরুখের নায়িকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু নবাগত হওয়ায় তাঁর সেই প্রস্তাব তখন গৃহীত হয়নি। শেষ পর্যন্ত কাজটি অত্যন্ত কঠিন হলেও পেশাদারির খাতিরে সাদিয়া পর্দায় নিজের মনের আসল অনুভূতি লুকিয়ে রাখেন। নিজের অভিনয়ের দক্ষতার জোরে চোখের ভাষায় ফুটিয়ে তোলেন নিখুঁত এক বোনের চরিত্র। তবে মনের এই গোপন কথাটি শাহরুখ খানকে কোনো দিন সরাসরি মুখে বলা হয়ে ওঠেনি সাদিয়ার।
প্রেমের কথা জানাতে না পারলেও শুটিং সেটে শাহরুখের কাছ থেকে পাওয়া যত্ন ও অমায়িক ব্যবহার আজীবন মনে রাখার মতো বলে জানান সাদিয়া। শট শেষ হওয়ার পর শাহরুখের একেকটি ছোট ছোট আচরণ তাঁর মনে দাগ কেটে গিয়েছিল। সাদিয়া স্মৃতিচারণা করে গণমাধ্যমকে বলেন, ‘শট শেষ হতেই শাহরুখ আমার কাছে এসে বলেছিল— রোদে কেন বসে আছ? গাড়িতে গিয়ে বসো, পানি খাও। শাহরুখ যে আমাকে আলাদা করে মনে রাখবেন, সেটাই আমি কখনো ভাবতে পারিনি। শুধু তা-ই নয়, উনি আমাকে জড়িয়েও ধরেছিলেন।’ বাধ্য হয়ে বোনের চরিত্রে অভিনয় করলেও কিং খানের সেই আন্তরিকতা, স্নেহ ও আচরণ আজও সাদিয়ার অভিনয় জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে রয়েছে।
|