উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভী মারা গেছেন
মাওলানা সালমান নদভী ১৯৫৪ সালে লখনউয়ের এক ঐতিহ্যবাহী আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। লখনউয়ের বিখ্যাত দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে শিক্ষা জীবন শুরু করে তিনি ১৯৭৬ সালে হাদিস শাস্ত্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সৌদি আরবের ইমাম মুহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে হাদিস গবেষণায় উচ্চতর ডিগ্রি লাভ করেন।
তিনি দীর্ঘ কয়েক দশক নদওয়াতুল উলামার ‘দাওয়াহ ও শরিয়াহ’ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। ‘জামিয়াত শাবাবুল ইসলাম’ নামক যুব সংগঠনের সহপ্রতিষ্ঠাতা হিসেবে এবং অসংখ্য মেডিকেল ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে তাঁর অবদান অনস্বীকার্য। আরবি ও উর্দু ভাষায় ইসলামি আকিদা, ইতিহাস ও হাদিস শাস্ত্রের ওপর তাঁর রচিত অসংখ্য গ্রন্থ বিশ্বজুড়ে সমাদৃত।
মাওলানা নদভী সমসাময়িক রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে সাহসী ও স্পষ্টভাষী মতামতের জন্য পরিচিত ছিলেন। মুসলিম উম্মাহর বিভিন্ন সংকট ও আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর কণ্ঠস্বর ছিল অত্যন্ত বলিষ্ঠ। তাঁর মৃত্যুতে ভারতসহ সারা বিশ্বের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ সোমবার লখনউয়ের নিকটবর্তী মালিহাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
জান্নাত সকালবেলা
|