পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত
আন্তর্জাতিক প্রতিবেদক: করাচিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভারতীয় প্রক্সির সম্পৃক্ততার বিষয়ে পাকিস্তানের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে ইসলামাবাদকে নিজের ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

গত সপ্তাহে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে হামলার ঘটনা ঘটে। এতে তিন নিরাপত্তা সদস্য ও তিন হামলাকারী নিহত হন। এই হামলার দায় স্বীকার করে জামাত-উল-আহরার, যাদের সঙ্গে আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলায় ভারতের প্রক্সির সম্পৃক্ততার অভিযোগ তোলেন।

এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “করাচির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানি গণমাধ্যমে ভারতের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে, আমরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।”

জয়সওয়াল আরও বলেন, “অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজের ভেতরের পরিস্থিতির দিকে নজর দেওয়া। তাদের উচিত নিজ ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া এবং রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের প্রবণতা থেকে সরে আসা।”

এদিকে, করাচির হামলাসহ সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, এসব অভিযানে মোট ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও করাচিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এই কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানায় পাকিস্তান কর্তৃপক্ষ।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন