ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ
ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী (চন্ডিদাসপুর) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আকস্মিক বজ্রপাতে নিহত কামরুল ইসলাম চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মঈনুল ইসলাম। তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দুপুরে কামরুল ইসলাম বলগাড়ী গ্রামের পৈতৃক মাঠের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ তীব্র বজ্রপাত হলে বজ্রাঘাতের শিকার হন তিনি। বজ্রপাতের প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। যুবকের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে চন্ডিদাসপুর গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন