ফরিদপুরের সদরপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সদরপুর উপজেলায় একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৮ জুন) বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি এলাকায় এ ঘটনা ঘটে। পৃথক এই আত্মহননের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন— উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকার ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) এবং ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর কন্যা নাছরীন আক্তার (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ লিপি আক্তার দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং এই কারণে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। রবিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অপরদিকে নিহত কিশোরী নাছরীন আক্তারের পরিবার জানায়, নাছরীন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার বিকেলে তিনি খাবার না খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। পরে তার মা নাজমা বেগম দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে আড়ার সঙ্গে নাছরীনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
সদরপুর থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, খবর পেয়ে পুলিশ পৃথক দুটি ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম ও প্রক্রিয়া চলমান রয়েছে।
|